শীর্ণকায় ব্যক্তিদের অনেক সময়েই খোটা শুনতে হয়, ঝড়ে উড়ে যাবি। এবার আক্ষরিক অর্থে উড়তে দেখা গেল এক ব্যক্তিকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি হাড়হিম করা ভিডিয়ো। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ঝড়ের দাপটে সত্যি-সত্যিই আকাশে উড়ে যাচ্ছেন এক ব্যক্তি। তার পরে মাঝ আকাশেই ভল্ট খেয়ে আছড়ে পড়ছেন মাটিতে। উত্তরপ্রদেশের বরেলির ঘটনা।
বুধবার প্রবল ঝড়বৃষ্টিতে তছনছ হয়ে গিয়েছে উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকা। বরেলি জেলার ভামোরা থানার বামিয়ানা গ্রামে সেই সময়ে কাজ করছিলেন নানহে মিয়াঁ। একটি টিনের চাল উড়ে যাচ্ছিল, সেটি তিনি দড়ি দিয়ে শক্ত করে বাঁধার চেষ্টা করছিলেন। সেই সময়েই ঝোড়ো হাওয়ার ঝাপটায় দড়িটি ছিঁড়ে উড়ে যায় টিনের চালটি। আর তার সঙ্গে উড়ে গিয়েছিলেন নানহে মিয়াঁও। জানা গিয়েছে ঝড় তাঁকে প্রায় ৫০ ফুট শূন্যে উড়িয়ে নিয়ে গিয়েছিল।