মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে অর্ধশতাধিক পোশাকশ্রমিক, কারখানা ছুটি ঘোষণা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬

গাজীপুর মহানগরী ভোগড়া এলাকায় একটি পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১১ মে) সকালে ভোগড়া চৌধুরী বাড়ি এলাকায় প্যানএশিয়া ক্লদিং লিমিটেড কারখানায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় কারখানা কর্তৃপক্ষ একদিনের ছুটি ঘোষণা করেছে।

কারখানা সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে প্রায় ২ হাজার ২০০ শ্রমিক কর্মরত রয়েছেন। আজ সকালে কাজ চলাকালে হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে চিকিৎসার জন্য তায়েরুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়।

প্রাথমিক চিকিৎসা শেষে বেশিরভাগ শ্রমিকই বাড়ি ফিরে গেলেও বেশ কয়েকজন এখনো ভর্তি আছেন। তবে তারা সবাই আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

কারখানার সিনিয়র এক্সিকিউটিভ হারুন অর রশিদ বলেন, ‘আমি সকালে কারখানায় ছিলাম। হঠাৎ দেখি প্রায় অর্ধশত শ্রমিক মাথা ঘুরে পড়ে যায়। তাদের মধ্যে ৪০ জন অসুস্থ শ্রমিককে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা শেষে কী কারণে তারা অসুস্থ হয়েছেন, তা জানাতে পারবেন।

গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান বলেন, শ্রমিকরা মনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের অনেকেরই মাথা ঘোরানো ও বমির সমস্যা দেখা যাচ্ছে।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানিয়েছেন, চিকিৎসকরা এটিকে মাস সাইকোজেনিক ডিজিজ বলে জানিয়েছে। সবাই আশঙ্কামুক্ত আছেন। এখন পর্যন্ত আমরা দুটি হাসপাতালে ৫৫ জনের মতো ভর্তি হওয়ার খবর পেয়েছি। অনেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102