নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে অতিথি রাণী দাস (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ওসি মো. নুরুল হাকিম।
এর আগে শনিবার রাতে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভুবনের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত অতিথি রাণী দাস ওই এলাকার গোপাল চন্দ্র জল দাসের মেয়ে এবং স্থানীয় চরফকিরা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
চরফকিরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান জানান, শনিবার রাতে বাড়িতে ব্যবহৃত মোবাইল ফোন বৈদ্যুতিক সকেটে চার্জে দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় অতিথি রাণী দাস। এ সময় সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার প্রস্তুতির সময় তার মৃত্যু হয়। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. নুরুল হাকিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা নেওয়া হয়েছে। পরে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।