ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন, মারধর ও চুল কেটে রক্তাক্ত জখম করার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি দ্বীন ইসলামকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৭ মে) রাত সাড়ে ১২টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে নরসিংদী জেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দ্বীন ইসলামআখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর এলাকার ইসহাক মিয়ার ছেলে।
এর আগে গত মঙ্গলবার সকালে যৌতুকের দাবিতে নির্যাতনের শিকার ওই গৃহবধু কাটা চুল ও রক্তাক্ত শরীর নিয়ে থানায় আখাউা থানায় হাজির হন এবং নির্যাতনের বর্ণনা দেন।
ভুক্তভোগীর অভিযোগ, পাঁচ লাখ টাকা যৌতুক দাবিকে কেন্দ্র করে তার স্বামী রামধননগর গ্রামের বাসিন্দা দ্বীন ইসলাম ওরফে দিনু ও পরিবারের সদস্যরা তাকে মারধর করেন। একপর্যায়ে তার মাথার চুল কেটে দেওয়া হয়।
স্থানীয়দের সহযোগিতায় আহত অবস্থায় তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।
থানায় গিয়ে গৃহবধূ পুলিশের সামনে নির্যাতনের বিস্তারিত তুলে ধরেন এবং কাটা চুল টেবিলে উপস্থাপন করেন বলে জানা গেছে।
আখাউড়া থানার ওসি জাবেদ উল ইসলাম বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রধান আসামি দিনু মিয়াকে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।