কুড়িগ্রামে নিখোঁজ হওয়ার পর ৬০ বছর বয়সি এক নারীকে তেঁতুল গাছের মগডালে দেখতে পাওয়াকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (৬ মে) সকালে সদর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। উদ্ধার হওয়া ওই নারীর নাম সাজেদা বেগম। তিনি ওই এলাকার মো. আবু সাঈদের স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল থেকে সাজেদা বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা ও এলাকাবাসী বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি বড় তেঁতুল গাছের মগডালে তাকে দেখতে পান স্থানীয়রা। এ সময় তাকে গাছের ওপর বসে ও শুয়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক এনামুল হক জানান, ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে পুকুরপাড়ের একটি তেঁতুল গাছের মগডালে অবস্থান করতে দেখা যায়। তবে পরিবারের আপত্তির কারণে তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটে।
তিনি আরও জানান, এ সময় হঠাৎ ওই নারী গাছ থেকে পাশের পুকুরে লাফ দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত তাকে পুকুর থেকে উদ্ধার করেন।