কুমিল্লার বুড়িচংয়ে দ্বিতীয় শ্রেণি পড়ুয়া এক শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় প্রধান আসামি ময়নাল হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে কুমিল্লার নবগঠিত শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হান্নান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ময়নাল হোসেন বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের খোরশেদ আলমের ছেলে।
রায় ঘোষণার পর নিহত শিশুর মা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘মেয়েকে হারানোর পর থেকে শুধু বিচার চেয়েছি। আজ আদালত সেই বিচার দিয়েছে। এখন আমি এই রায়ের বাস্তবায়ন দেখতে চাই।’
বাদীপক্ষের আইনজীবী বদিউল আলম সুজন জানান, ২০২১ সালের ২০ মে ভারেল্লা গ্রামে এ ঘটনা ঘটে। ময়নাল হোসেন শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে। পরে লাশ পলিথিনে পেঁচিয়ে শৌচাগারের সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখা হয়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে বুড়িচং থানায় হত্যা মামলা দায়ের করেন।