দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে শুরু হচ্ছে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং কার্যক্রম।
পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী, পদ্মা নদীর তীরে নির্মিত দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১-এর ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন লাইসেন্স পাওয়ার পর ২০১৭ সালের ৩০ নভেম্বর প্রকল্পের মূল নির্মাণকাজ শুরু হয়।
আর আজ শুরু হচ্ছে জ্বালানি লোডিং কার্যক্রম। দুপুর তিনটায় এই কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রকল্প এলাকায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেনের।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রসি এবং রোসাটমের মহাপরিচালক এলেক্সি লিখাচভ।