শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। সিলেটে প্রথম দিন শান্তিপূর্ণভাবে পরীক্ষা শেষ হলেও এদিন অনুপস্থিত ছিলেন ৬৭৪ জন পরীক্ষার্থী। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে এ তথ্য জানিয়েছেন সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিলকিছ ইয়াছমিন।
এবার সিলেটে এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ছিল ৮৯ হাজার ৬৪৩ জন। এরমধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের অধিনে পরীক্ষার্থী ছিল ৭০ হাজার ৩৮৪ জন। এদের মধ্যে অংশগ্রহণ করেছেন ৬৯ হাজার ৭১০ জন। অজ্ঞাত কারণে অংশগ্রহণ করেননি ৬৭৪ জন পরীক্ষার্থী।
প্রথম দিন ২২৫ কেন্দ্রে বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে অত্যন্ত শান্তিপূর্ণভাবে। কোথাও কোনো অঘটন ঘটেনি। কোনো পরীক্ষার্থী বা কোনো হল পরিদর্শক বহিস্কারও হননি।
সিলেট জেলার মোট পরীক্ষার্থী ছিলেন ২৮ হাজার ৬২৫ জন। এরমধ্যে প্রথম দিনে উপস্থিত ছিলেন ২৮ হাজার ৩৮৪ জন। অনুপস্থিত ছিলেন ২৪১ জন। কেন্দ্র ৯৪টি। হবিগঞ্জ জেলায় মোট পরীক্ষার্থী ১২ হাজার ৩৯৫ জন।
প্রথম দিনে উপস্থিত ছিলেন ১২ হাজার ২৫০ জন। অনুপস্থিত ১৪৫ জন। কেন্দ্র ৪৯টি। মৌলভীবাজারে মোট পরীক্ষার্থী ছিলেন ১৫ হাজার ৬৭ জন। প্রথম দিনে উপস্থিত ছিলেন ১৪ হাজার ৯৪৯ জন। অনুপস্থিত ১১৮ জন। কেন্দ্র ৩৭টি। সুনামগঞ্জে মোট পরীক্ষার্থী ছিলেন ১৪ হাজার ২৯৭ জন। প্রথম দিনে উপস্থিত ছিলেন ১৪ হাজার ১২৭ জন। অনুপস্থিত ছিলেন ১৭০ জন। কেন্দ্র ৪৫টি।