মস্কোর বিখ্যাত ‘রসিয়া থিয়েটার’- এ বসেছে ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জাঁকজমকপূর্ণ আসর। বিশ্বের বিভিন্ন প্রান্তের তারকাদের ভিড়ে এবার সেখানে আলাদাভাবে নজর কেড়েছেন বাংলাদেশের নন্দিত অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। উৎসবের রেড কার্পেটে বিদেশি দামি ব্র্যান্ডের পরিবর্তে দেশীয় আভিজাত্যকে তুলে ধরে প্রশংসায় ভাসছেন তিনি।
মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৮তম আসরে বাংলাদেশের জয়জয়কার। এবার সেই মর্যাদাপূর্ণ উৎসবের লাল গালিচায় (রেড কার্পেট) আলো ছড়িয়েছেন এ দেশের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। মস্কো চলচ্চিত্র উৎসবে রেড কার্পেটে লাল কাতানে নজর কাড়লেন ভাবনা।
আন্তর্জাতিক মঞ্চে দেশীয় পোশাকের জয়গান
রেড কার্পেটে ভাবনার উপস্থিতিতে ছিল খাঁটি দেশীয় ঐতিহ্যের ছোঁয়া। ডিজাইনার তন্বী কবিরের নকশা করা একটি ‘সিঁদুর লাল’ কাতান ওভারকোট পরে সেখানে হাজির হন তিনি। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সংস্কৃতি ও পোশাক শিল্পকে তুলে ধরার এই প্রয়াস উপস্থিত সবার নজর কেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাবনার এই দেশি লুক নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে।
প্রতিযোগিতায় বাংলাদেশের দুই সিনেমা
আট দিনব্যাপী আয়োজিত এই উৎসবের পর্দা নামবে আগামী ২৩ এপ্রিল। এবারের আসরে বাংলাদেশের দুটি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। এর একটি হলো যুবরাজ শামীমের ‘অতল’ এবং অন্যটি আসিফ ইসলামের ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’।
প্রিন্সেস রোজি চরিত্রে ভাবনা
আসিফ ইসলামের ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ সিনেমাটি মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী যাত্রাশিল্পের বর্তমান ভঙ্গুর বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত। এই সিনেমায় প্রধান চরিত্র ‘প্রিন্সেস রোজি’র ভূমিকায় অভিনয় করেছেন ভাবনা। একজন নৃত্যশিল্পীর জীবন সংগ্রামের এই গল্প আন্তর্জাতিক মহলে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির অন্য এক রূপ তুলে ধরবে বলে মনে করা হচ্ছে।
উচ্ছ্বসিত ভাবনা
মস্কোর মতো বড় মঞ্চে নিজের কাজ নিয়ে যাওয়ার অনুভূতি জানিয়ে ভাবনা বলেন, “আমি সব সময় আমার অভিনয়ের মাধ্যমে নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে চেয়েছি। মস্কোর মতো এমন মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে আমার সিনেমা নির্বাচিত হওয়া এবং সেখানে উপস্থিত হতে পারাটা আমার জন্য সত্যিই ভীষণ গর্বের ও আনন্দের।”