রাজশাহীর বাগমারায় সোহেল রানা নামে পলাতক এক যুবলীগ নেতার পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।
শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার তাহেরপুর পৌরসভার নুরপুর মহল্লায় ওই পুকুরে রুই, কাতলাসহ কার্প জাতীয় মাছ মারা যাওয়ার পর পানিতে ভেসে ওঠে। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতে পুকুরটিতে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা।
সোহেল রানা তাহেরপুর পৌরসভা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং নুরপুর মহল্লার বাসিন্দা। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে আছেন। এর আগে গত ২১ মার্চ ঈদের রাতে সোহেল রানার বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, যুবলীগ নেতা সোহেল রানা দীর্ঘদিন ধরে বাড়ির পাশের ১২ বিঘা আয়তনের একটি পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিলেন। তবে রাজনৈতিক পটপরিবর্তনের জন্য তিনি পালিয়ে থাকার কারণে তার স্বজনেরা পুকুরটি দেখাশোনা করছিলেন। তবে নিরাপত্তাহীনতার কারণে সেখানে কোনো পাহারাদার ছিল না।
পুকুরে বিষ প্রয়োগের কারণে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি করে অজ্ঞাত স্থান থেকে মুঠোফোনে সোহেল রানা বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর তার কয়েকটি পুকুর বেদখল হয়ে যায়। বাড়ির কাছের পুকুরটি তার স্বজনেরা দেখাশোনা করে আসছেন। হুমকির কারণে পাহারাদার রাখা সম্ভব হয়নি। কারা বিষ প্রয়োগ করেছে, তা জানতে পারেননি। এ বিষয়ে থানায় মামলা বা অভিযোগ করা হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বাগমারা থানার ওসি জিল্লুর রহমান বলেন, কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।