চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নে ৩ ঘণ্টার ব্যবধানে মা ও ছেলের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে ছেলে এবং রাত ১১টার দিকে মায়ের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য সবুজ মিঞা। মৃত ছেলে হলেন সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের মৃত রুপলালের ছেলে কালু শেখ (৫৫) ও তার মা ময়না বেগম (৭২)।
এলাকাবাসী জানান, কয়েকদিন থেকে কালু শেখ অসুস্থ ছিলেন এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে তার মা-ও দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন এবং ছেলের মৃত্যুর খবর পেয়ে ৩ ঘণ্টার ব্যবধানে মা-ও মৃত্যু বরণ করেন।
এলাকার বাসিন্দা ফিরোজ আলী বলেন, আমার জীবনে এলাকায় এ রকম ঘটনা দেখিনি। অন্য জায়গার এমন ঘটনার কথা শুনেছি। আজকে প্রত্যক্ষ করলাম। এ ঘটনায় আমরা শোকহত। আগামীকাল সকালে কাজিপাড়া গোরস্থানে পাশাপাশি মা ও ছেলের দাফন সম্পন্ন হবে।
বারঘরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার সবুজ মিঞা বলেন, ৩ ঘণ্টার ব্যাবধানে মা ও ছেলে মারা গেছেন। ঘটনাটি হৃদয়বিদায়ক। এ ঘটনায় আমরা এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমেছে।