শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

কৃষিজমি থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

কুমিল্লার মুরাদনগর উপজেলায় কৃষিজমি থেকে এরশাদ মিয়া (৩২) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের ব্রাহ্মণ চাপিতলা গ্রামের দক্ষিণ মাঠের একটি কৃষিজমি থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত এরশাদ মিয়া ব্রাহ্মণ চাপিতলা গ্রামের আব্দুল হকের ছেলে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) এ কে এম কামরুজ্জামান এবং বাঙ্গরা বাজার থানার ওসি আব্দুল কাদের খান।

নিহতের পিতা জানান, তার ছেলে আগে গাড়ি চালিয়ে সংসারের খরচ চালাতেন। কয়েক বছর আগে থেকে তিনি মাদকে আসক্ত হয়ে পড়েন। তাকে নেশার জগত থেকে ফেরাতে বহু চেষ্টা করেও সফল হননি। ছেলের বিয়েও দেওয়া হয়েছিল, কিন্তু মাদকের কারণে স্ত্রী তাকে ছেড়ে চলে যান।

তিনি আরও জানান, সোমবার রাত থেকে এরশাদ নিখোঁজ ছিলেন। পরদিন সকালে জমির মধ্যে তার জবাই করা মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাকে বিষয়টি জানায় এবং পুলিশে খবর দেয়।

স্থানীয় ইউপি সদস্য মোমেন মিয়া বলেন, প্রায় এক বছর আগে তিনি এরশাদকে ধরে পুলিশে দিয়েছিলেন, কিন্তু এরপরও সে মাদক ছেড়ে ভালো হয়নি। যেখানে মরদেহ পাওয়া গেছে, সেখানে তারা মাদক সেবন করত। এ নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার দাবি করেন তিনি।

বাঙ্গরা বাজার থানার ওসি আব্দুল কাদের খান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত করে হত্যার রহস্য উদঘাটনসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102