ভারতে বসে শেখ হাসিনা যেন বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারেন, সে বিষয়ে দিল্লিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান। এর আগে সচিবালয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
ভারতের উদ্দেশে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বেশ কিছু বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। বাংলাদেশ-ভারত সম্পর্ককে ইতিবাচক দিকে নিতে হলে উভয় পক্ষকে আন্তরিক হতে হবে।
তিনি বলেন, আমরা একটি ভালো শুরু চাই। শেখ হাসিনার মতো পালিয়ে যাওয়া সন্ত্রাসী ভারতে থাকাটা চ্যালেঞ্জিং। সেখানে বসে তিনি যেন বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারেন—এ বিষয়ে দিল্লিকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
আইনি প্রক্রিয়া অনুযায়ী ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।
এ সময় তিনি বলেন, বিএনপি সরকার দেশের জাতীয় স্বার্থ নিয়েই কাজ করবে। জনগণের ম্যান্ডেট থাকায় আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও শক্তিশালী অবস্থান নিতে পারছে সরকার।
পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, শিগগিরই মেডিকেল ভিসা উন্মুক্তের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে ভারত।