দক্ষিণ কোরিয়ার অ্যাকশন-হরর ঘরানার সিনেমা ‘ট্রেন টু বুসান’ দিয়ে বিশ্বজুড়ে যে উন্মাদনা তৈরি হয়েছিল, তার নেপথ্যে ছিলেন পরিচালক ইয়োন সাং-হো। জম্বি প্রেক্ষাপট নির্মাণে তার মুনশিয়ানা বিশ্বজুড়ে স্বীকৃত। দীর্ঘ বিরতির পর আবারও দর্শকদের হাড়হিম করা অভিজ্ঞতা দিতে ফিরছেন তিনি। তার নতুন প্রজেক্ট ‘কলোনি’ নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে তুমুল আলোচনা।
পরিচালক সাং-হোর নতুন জম্বি-হরর মুভি ‘কলোনি’ মূলত একটি সিল করা বা অবরুদ্ধ ভবনকে কেন্দ্র করে আবর্তিত। সংক্রমণজনিত কারণে ভবনের ভেতরে আটকা পড়া একদল মানুষের বেঁচে থাকার রুদ্ধশ্বাস লড়াই ফুটে উঠবে পর্দায়। গল্পের নাটকীয়তা কেবল ভবনের ভেতরেই সীমাবদ্ধ থাকেনি; বাইরে থেকে আসা একটি তদন্তকারী দলের কার্যক্রমের মাধ্যমে কাহিনিকে আরও বিস্তৃত ও রহস্যময় করে তোলা হয়েছে।
সিনেমাটির অন্যতম প্রধান আকর্ষণ এর কাস্টিং। ‘কলোনি’-তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় দুই তারকা জুন জি হিউন এবং জি চ্যাং উক। তাদের শক্তিশালী অভিনয় আর ইয়োন সাং-হোর সুনিপুণ নির্মাণ সিনেমাটিকে অন্য উচ্চতায় নিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
ইয়োন সাং-হোর সিনেমা মানেই কেবল ভয় বা রক্তক্ষয়ী সংঘর্ষ নয়; বরং তার প্রতিটি কাজে থাকে গভীর সামাজিক উদ্বেগ ও মনস্তাত্ত্বিক টানাপোড়েন। দশ বছর আগে ‘ট্রেন টু বুসান’-এ তিনি যেভাবে সমাজব্যবস্থাকে ফুটিয়ে তুলেছিলেন, ‘কলোনি’র মাধ্যমেও সমসাময়িক উদ্বেগের চিত্রায়ন করতে চেয়েছেন। নির্মাতার মতে, এই সিনেমাটি দর্শকদের মনের গভীরে এমন এক ভয়ের অনুভূতি তৈরি করবে যা কল্পনার চেয়েও বেশি বাস্তব মনে হবে।
অ্যাকশন আর জম্বি থ্রিলারের অনন্য মিশেলে তৈরি ‘কলোনি’ আগামী মে মাসে মুক্তি পেতে যাচ্ছে। ট্রেলার বা টিজার আসার আগেই ইয়োন সাং-হোর নামের ওপর ভরসা করে অপেক্ষায় আছেন বিশ্বজুড়ে কোরিয়ান মুভি ভক্তরা।