প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেটে প্রবাসীদের সেবা সহজ ও এককেন্দ্রিক করতে আধুনিক ‘প্রবাসী ভবন’ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ ভবন চালু হলে প্রবাসীরা এক জায়গা থেকেই দ্রুত ও সহজে বিভিন্ন সরকারি সেবা গ্রহণ করতে পারবেন।
রোববার (১২ এপ্রিল) দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী সরাসরি সিলেটের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি তদারকি করছেন। এর ফলে ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন, রেলপথ আধুনিকায়নসহ বড় অবকাঠামো প্রকল্প দ্রুত এগিয়ে চলছে। এসব বাস্তবায়িত হলে সিলেটের যোগাযোগব্যবস্থা ও অর্থনৈতিক কার্যক্রমে গতি আসবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি কঠোর অবস্থানের কথা জানান। ছিনতাই ও রাহাজানি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে এক সপ্তাহের সময় বেঁধে দিয়ে দৃশ্যমান উন্নতি দেখতে চান বলেও জানান তিনি। তার মতে, দেশের প্রেক্ষাপটে সিলেটের পরিস্থিতি খুব খারাপ নয়, তবে আরও উন্নতির সুযোগ রয়েছে।
তিনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে জ্বালানি তেল পাচার ঠেকাতে সংশ্লিষ্ট রুটগুলো চিহ্নিত করে নজরদারি বাড়ানোর নির্দেশ দেন তিনি। প্রয়োজনে অতিরিক্ত চেকপোস্ট স্থাপনের কথাও উল্লেখ করেন।
বিদেশগামী যাত্রীদের হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। একই সঙ্গে মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে তিনি বলেন, যৌথ উদ্যোগে চুক্তি ইতিবাচক হয়েছে এবং শিগগিরই দেশটির শ্রমবাজার পুনরায় চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সরকার একাধিক দেশের শ্রমবাজার সম্প্রসারণে কাজ করছে।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরিফুল হক চৌধুরী বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার কচুয়ার পাড় এলাকার চেঙ্গের খাল নদী ভাঙ্গন ও উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তিনি নদী ভাঙনরোধে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।