দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে অর্থের লোভে বাবাকে অপহরণের অভিযোগ উঠেছে তালাকপ্রাপ্ত স্ত্রী, ছেলে-মেয়ে ও জামাইয়ের বিরুদ্ধে। অবশেষে অপহরণের ১২ দিন পর ভিকটিম মেহের আলীকে (৬২) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।
শনিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এসআই সুজা মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল বগুড়া থেকে তাকে উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর (হিলি) থানার ওসি জাকির হোসেন।
পুলিশ জানায়, হিলি মহিলা কলেজপাড়া এলাকার বাসিন্দা মেহের আলীকে তার তালাকপ্রাপ্ত স্ত্রী, ছেলে-মেয়ে ও জামাই অপহরণ করেছে। এমন অভিযোগ করেন ভিকটিমের বর্তমান স্ত্রী। অভিযোগের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে অভিযান শুরু করে পুলিশ।
রোববার (১২ এপ্রিল) সকালে ওসি জাকির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বগুড়া থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর মেহের আলী জানান, গত ৩১ মার্চ রাত ৩টার দিকে তার তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রীসহ ছেলে-মেয়ে ও জামাই তাকে জোরপূর্বক অপহরণ করেন। প্রথমে তাকে জয়পুরহাটের আক্কেলপুরের একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। পরে পুলিশের তৎপরতা টের পেয়ে তাকে বগুড়ার একটি সেফ হোম মাদক নিরাময় কেন্দ্রে স্থানান্তর করা হয়।
পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া মেহের আলী বর্তমানে চিকিৎসাধীন থাকলেও শারীরিকভাবে সুস্থ আছেন। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত।