নোয়াখালীর সদর উপজেলায় শত্রুতার জেরে দুই কৃষকের প্রায় ২৪ একর জমির তরমুজ কুপিয়ে ধ্বংস করার অভিযোগ উঠেছে। এতে কৃষক পরিবার দুটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের চর দরবেশ গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষকরা হলেন- চর দরবেশ গ্রামের মাহবুল হকের ছেলে মো. ইব্রাহিম খলিল এবং ছেরাজুল হকের ছেলে নুরুল হক।
তারা জানান, স্থানীয়ভাবে ঋণ ও দাদন নিয়ে প্রতিজন ১২ একর করে মোট ২৪ একর জমিতে তরমুজ চাষ করেছিলেন। এতে প্রায় ২২ লাখ টাকা বিনিয়োগ করা হয় বলে দাবি তাদের।
কৃষকদের অভিযোগ, পাশের এলাকায় মহিষের পাল থেকে তাদের তরমুজ ক্ষেতে আগেও ক্ষতি হয়। এ ঘটনায় স্থানীয়ভাবে সালিশ বৈঠকে ক্ষতিপূরণ নির্ধারণ করা হলেও পরে বিরোধ আরও বাড়ে।
এর জের ধরে বুধবার রাতে তাদের হুমকি দেওয়া হয় বলে দাবি করেন ভুক্তভোগীরা। পরবর্তীতে বৃহস্পতিবার গভীর রাতে ১০-১২ জনের একটি দল তাদের তরমুজ ক্ষেত কুপিয়ে ধ্বংস করে বলে অভিযোগ করা হয়।
এতে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেছেন। এ ঘটনায় ঋণ পরিশোধ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন বলে জানান কৃষক পরিবারগুলো।
এ বিষয়ে সুধারাম মডেল থানার ওসি মো. তৌহিদুল ইসলাম বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।