নাটোরের বাগাতিপাড়া উপজেলায় রাতের আঁধারে স্ক্যাভেটর দিয়ে ফসলি জমি কেটে পুকুর খননের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে কৃষিজমি ধ্বংস করে মাটি বিক্রির মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে।
স্থানীয়রা জানান, উপজেলার বাগাতিপাড়া সদর ইউনিয়নের কাঁকফো বাসুপাড়া এলাকায় রাত হলেই শুরু হয় স্ক্যাভেটর ও মাটি বোঝাই গাড়ির শব্দ। এতে এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়ছেন।
অভিযোগ রয়েছে, ভূমি ব্যবস্থাপনা ও কৃষিজমি সংরক্ষণ আইন অমান্য করে ফসলি জমি কেটে পুকুর খনন করা হচ্ছে। এ কাজে রাতের অন্ধকারে কার্যক্রম চালাতে বিভিন্ন স্থানে পাহারাদারও রাখা হয় বলে দাবি স্থানীয়দের।
শুক্রবার (৩ এপ্রিল) সরেজমিনে কাঁকফো বাসুপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, একটি কৃষিজমিতে স্ক্যাভেটর দিয়ে পুকুর খননের কাজ চলছিল। স্থানীয়দের দাবি, সেখান থেকে উত্তোলিত মাটি বিক্রি করা হচ্ছে।