বাগেরহাটের রামপাল উপজেলায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে “অন্ধত্ব প্রতিরোধ কর্মসূচি” শীর্ষক একটি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৩ এপ্রিল) ২০২৬ রামপাল উপজেলার পেড়িখালী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস), ঢাকা-এর উদ্যোগে এবং লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, মাননীয় সংসদ সদস্য, বাগেরহাট-৩ ও মাননীয় প্রতিমন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এ ক্যাম্প আয়োজন করা হয়।
দিনব্যাপী এ কর্মসূচিতে অভিজ্ঞ চিকিৎসক দল রোগীদের চোখ পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেন। পাশাপাশি ছানি অপারেশনের জন্য উপযুক্ত রোগীদের বাছাই করা হয়, যাদের পরবর্তীতে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে বলে আয়োজকরা জানান।
লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, আমাদের দেশের গ্রামীণ এলাকায় অধিকাংশ মানুষ বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিভিন্ন চক্ষু সমস্যায় আক্রান্ত হন। ভৌগোলিক ও জলবায়ুগত কারণও এর অন্যতম কারণ। মানুষের সবচেয়ে মূল্যবান অঙ্গ চোখ এই বিবেচনায় প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় চক্ষু চিকিৎসা সেবা পৌঁছে দিতে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, যুবসমাজকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বেকারত্ব হ্রাসে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি সুপেয় পানির ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট উন্নয়ন, সেতু নির্মাণ এবং নদীভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এছাড়া দল-মত নির্বিশেষে সকল মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও উন্নত এলাকা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ১০ হাজারেরও বেশি দরিদ্র রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন করেছেন। শুধু অপারেশনই নয়, রোগীদের থাকা-খাওয়া, যাতায়াত, ওষুধসহ সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করে তাদের সুস্থভাবে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে আসছেন তিনি।
এই সেবামূলক কার্যক্রম বাস্তবায়নে শুরু থেকে এ পর্যন্ত সংশ্লিষ্ট সকল ব্যক্তি ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
ক্যাম্পটি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে রামপাল ও মোংলা উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নিরলসভাবে কাজ করেছেন।