বক্তৃতা দেওয়ার সময় হিটলারের প্রশংসা এবং ইহুদিদের নিয়ে চরমপন্থি ও ইহুদিবিদ্বেষী (অ্যান্টিসেমিটিক) মন্তব্যের অভিযোগ এনে দেশের জনপ্রিয় ধর্মীয় আলোচক ড. মাওলানা মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। বুধবার (১ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এবং অস্ট্রেলিয়ার নিউজওয়্যার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছিল। তবে এমন কোনো বক্তব্য দেননি বলে জানিয়েছেন আজহারী।
নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে আজহারী জানান, ‘অস্ট্রেলিয়ার মুসলিম কমিউনিটির আমন্ত্রণে গত ৫ দিন ধরে আমি অস্ট্রেলিয়াতে অবস্থান করছি। আমার সফর নিয়ে যে সংবাদটি ছড়িয়েছে, তা বিদেশি একটি প্রতিবেদনের ভুল ও বিভ্রান্তিকর ব্যাখ্যা। ভিসা বাতিলের কারণ হিসেবে সাম্প্রতিক কোনো বক্তব্যকে দায়ী করা সম্পূর্ণ অসত্য— কারণ এখনো পর্যন্ত আমি অস্ট্রেলিয়াতে কোনো বক্তব্যই দিইনি। প্রিয় সাংবাদিক বন্ধুদের ক্ষেত্রে বিষয়টি সহজেই যাচাইযোগ্য।’
আজহারী আরও লেখেন, ‘বিভিন্ন দেশে বক্তাদের সফর ঘিরে চাপ বা প্রভাব থাকা অস্বাভাবিক নয়; আমার ক্ষেত্রেও তেমন কিছু ঘটেছে। কিছু নির্দিষ্ট স্বার্থান্বেষী মহল ও নাস্তিক্যবাদী পক্ষ পরিকল্পিতভাবে একজোট হয়ে— পুরোনো, বিচ্ছিন্ন বক্তব্যকে প্রেক্ষাপটহীনভাবে তুলে এনে প্রসাশনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করেছে। একই ভিডিওর সূত্র ধরে কয়েক বছর আগে যেমন যুক্তরাজ্যেও বাধা সৃষ্টি করা হয়েছিল। অথচ আমি সাম্প্রদায়িক সম্প্রীতি (Communal Harmony) এবং শান্তিপূর্ণ সহাবস্থান (Religious Coexistence)-এ বিশ্বাসী। আমার বহু আলোচনাতেও যা স্পষ্ট প্রতীয়মান।’
মিজানুর রহমান আজহারীর বক্তব্য দেওয়ার বিষয়টি সর্বপ্রথম প্রকাশ করে ডেইলি মেইল। অনলাইনে প্রায় ১০ মিলিয়ন (১ কোটি) অনুসারী থাকা এই বাংলাদেশি বক্তা মূলত এশিয়া, মধ্যপ্রাচ্য ও পশ্চিমা বিশ্বের প্রবাসী মুসলিমদের মাঝে নিয়মিত বক্তৃতা দিয়ে থাকেন।
মাওলানা আজহারী ‘বিশ্বাসের উত্তরাধিকার’ (Legacies of Faith) সিরিজের অংশ হিসেবে ইসলামিক প্র্যাকটিস অ্যান্ড দাওয়া সার্কেলের আয়োজনে ইস্টার উপলক্ষে অস্ট্রেলিয়া সফরে ছিলেন। তার এই সফরের অংশ হিসেবে ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় বক্তব্য রাখার কথা ছিল। গত সোমবার রাতে ব্রিসবেনে তার এই সফর শুরু হয় এবং এরপর ৩ এপ্রিল মেলবোর্ন, ৪ এপ্রিল সিডনি এবং ৬ এপ্রিল ক্যানবেরায় তার অনুষ্ঠান আয়োজনের কথা ছিল। তবে সফরের মাঝেই গত মঙ্গলবার (৩১ মার্চ) অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার ভিসা বাতিল করে। তিনি বর্তমানে অস্ট্রেলিয়া থেকে প্রত্যাবর্তনের অপেক্ষায় আছেন বলে জানা গেছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, মাওলানা আজহারী এর আগে তার ওয়াজে হিটলারের কর্মকাণ্ডকে ইহুদিদের জন্য ‘ঐশ্বরিক শাস্তি’ হিসেবে বর্ণনা করেছিলেন। এ ছাড়া ইহুদিরা বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী এবং তারা ‘বিষাক্ত কলঙ্ক’ বলেও মন্তব্য করেছিলেন। একই সাথে তিনি দাবি করেছিলেন, ‘এইডস’সহ বিশ্বের বিভিন্ন সমস্যার জন্য ইহুদিরাই দায়ী এবং তারাই এই রোগটি আবিষ্কার করেছে।
এর আগে ২০২১ সালেও যুক্তরাজ্যে একটি ইসলামিক কনফারেন্সে যোগ দিতে যাওয়ার সময় ফ্লাইটে উঠতে বাধা দেওয়া হয়েছিল ড. মিজানুর রহমান আজহারীকে।