কুমিল্লার একটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ‘সিডি প্যাথ অ্যান্ড হাসপাতাল প্রাইভেট লিমিটেড’এ একসঙ্গে তিনটি সন্তানের জন্ম হয়েছে।
রোববার (২৯ মার্চ) দুপুরে এই বিরল ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতালজুড়ে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। মা ও তিন নবজাতকই বর্তমানে সুস্থ আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানা যায়, এটি ছিল অত্যন্ত জটিল ও সংবেদনশীল একটি ডেলিভারি। তবে চিকিৎসকদের দক্ষতা, সতর্কতা ও পেশাদারিত্বের মাধ্যমে সফলভাবে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়েছে।
ডেলিভারিটি পরিচালনা করেন সহকারী অধ্যাপক ডা. জাহানারা সুলতানা মজুমদার (লুনা)। তার সঙ্গে ছিলেন একটি দক্ষ নার্সিং টিম।
চিকিৎসকরা জানান, মা ও নবজাতকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। নিবিড় তত্ত্বাবধান ও নার্সিং টিমের আন্তরিক সেবার ফলে মা ও নবজাতকেরা সুস্থভাবে এই গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করেছেন।
এমন আনন্দঘন ঘটনার অংশ হতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। পাশাপাশি মা ও তিন নবজাতকের সুস্থ, সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ কামনা করেছেন সংশ্লিষ্টরা।