সিরাজগঞ্জের রায়গঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। টাকা নিয়ে লাপাত্তা হয়েছেন ওই প্রতারক। চাকরি না পেয়ে প্রতারণার শিকার রুমানা টাকা ফেরতের দাবিতে অনশন শুরু করেছেন।
অভিযোগ রয়েছে, শাহীন চাকরি দেওয়ার কথা বলে নওগাঁ জেলার আতাইকুলা উপজেলার বাসিন্দা আবু সাঈদের মেয়ে রুমানা ও তার বোনের কাছ থেকে নগদ ১৫ লাখ টাকা, ৮ ভরি স্বর্ণ ও ৯ ভরি রূপা কৌশলে হাতিয়ে নেন। দীর্ঘদিনেও চাকরি না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন রুমানা।
জানা যায়, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সরাইদ গ্রামের সাখাওয়াতের ছেলে শাহীনের বাড়িতে শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৫টার দিকে টাকা ফেরতের দাবিতে অনশন শুরু করে রুমানা।
অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত শাহীন এর আগেও একই কৌশলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার শিমুল এলাকার এক ব্যক্তির কাছ থেকেও চাকরির প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।
এছাড়া রায়গঞ্জ উপজেলার ধুবিল গ্রামের তার খালাতো বোনের কাছ থেকেও টাকা নিয়ে আত্মগোপনে যান। পরে স্থানীয়দের চাপে তার বাবা সাখাওয়াত জমি বিক্রি করে ওই টাকা পরিশোধ করেন।
রুমানার ঘটনার পর চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মমিন, ইউপি সদস্য শরিফুল ইসলাম, রানা আহমেদ ও হাসিনা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা একাধিক বৈঠক করেন।
এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ঘটনার সত্যতা রয়েছে। শাহীন টাকা নেওয়ার বিষয়টি স্বীকারও করেছেন। অভিযুক্ত শাহীনকে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি।