ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে দেশের পাম্পগুলোতে তেলের সংকট দেখা দিয়েছে। ফলে তেল সংকটের কারণে গাড়ি ভাড়া করতে না পেরে অবশেষে ‘টমটম’ বা ইজিবাইকে বিয়ে করতে গেলেন এক তরুণ।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে বিয়ের উদ্দেশে রওনা দেন শাহিন আলম। জানা গেছে, খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মধ্য বেতছড়ি এলাকার বাসিন্দা মো. শাহিন আলমের বিয়ে ঠিক হয় জেলা সদরের গঞ্জপাড়ায়, যা তার বাড়ি থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে। কিন্তু জ্বালানি সংকটের কারণে নির্ধারিত দিনে কোনো কার বা মাইক্রোবাস ভাড়া পাননি তিনি।
শাহিন আলম বলেন, কয়েকজন স্বজন মোটরসাইকেলে যাচ্ছেন। কিন্তু তেলের সংকটের কারণে কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না। তাই বাধ্য হয়ে ইজিবাইকেই (স্থানীয়ভাবে ‘টমটম’ নামে পরিচিত) যেতে হচ্ছে। অটো গিয়ার থাকায় পাহাড়ি রাস্তায় চলতে সমস্যা হবে না।
দীঘিনালার উঁচু-নিচু পাহাড়ি সড়কে সাধারণত ইজিবাইক চলাচল খুব একটা দেখা যায় না। তবুও নির্ধারিত সময়ে বিয়ে সম্পন্ন করতে প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়ে এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নেন শাহিন।
স্থানীয়দের কাছে ঘটনাটি বেশ চমকপ্রদ হয়ে উঠেছে। তীব্র জ্বালানি সংকটের মধ্যে এমন ভিন্নধর্মী বরযাত্রা এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।