চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা আহ্বায়কসহ চার নেতা দল থেকে পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে পদত্যাগপত্রের অনুলিপি চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে হস্তান্তর করা হয়। একইসঙ্গে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের কাছেও পদত্যাগপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।
পদত্যাগ করা নেতারা হলেন: জেলা আহ্বায়ক মো. আলাউল হক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাজমুল হুদা খান রুবেল, যুগ্ম আহ্বায়ক শেখ ওলিউল ইসলাম কাফি এবং যুগ্ম সদস্য সচিব সৈয়দ কিবরিয়া।
পৃথক দুটি পদত্যাগপত্রে তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে দলের সব পদ থেকে অব্যাহতি নেওয়ার কথা উল্লেখ করেছেন। তবে পদত্যাগের পেছনে ভিন্ন ভিন্ন কারণও উঠে এসেছে।
জেলা আহ্বায়ক আলাউল হক জানান, পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে তিনি দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছিলেন না। এ কারণেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
অন্যদিকে নাজমুল হুদা খান রুবেল বলেন, পরিবর্তনের প্রত্যাশা নিয়ে দলে যোগ দিলেও সময়ের সঙ্গে সেই প্রত্যাশার প্রতিফলন দেখা যায়নি। হতাশা থেকেই তারা পদত্যাগ করেছেন বলে উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, ২০২৫ সালের ৫ জুন আলাউল হককে প্রধান সমন্বয়কারী করে এনসিপির চাঁপাইনবাবগঞ্জ জেলা সমন্বয়ক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে তাকে আহ্বায়ক করে জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।