সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই যুবক নিহত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

যশোরের বেনাপোলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আপন হোসেন (১৬) ও মিলন হোসেন (১৯) নামে দুই যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার উত্তর বারোপোতা বিজিবি পোস্ট সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আপন হোসেন বেনাপোল পোর্ট থানার রাজগঞ্জ খলশী গ্রামের রিপন হোসেনের ছেলে এবং মিলন হোসেন একই গ্রামের তৌহিদ হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ওই দুই যুবক মোটরসাইকেলযোগে বেনাপোল থেকে পুটখালীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উত্তর বারোপোতা বিজিবি পোস্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি মেহগনি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে চালক ও আরোহী দুজনেই ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্দ করেছে। এ ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

অকালে দুই যুবকের এমন মৃত্যুতে পরিবার-পরিজন ও পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102