জয়পুরহাটের কালাইয়ে পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুন হয়েছেন। এ ঘটনায় মা ও বোন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার বফলগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আক্কাস আলী মন্ডল (৬০) ওই গ্রামের মৃত মূলতান মন্ডলের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ছেলে গোলাপ মন্ডল (৩০) বাবার কাছে টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে বাড়িতে থাকা বাঁশের খুঁটি দিয়ে আক্কাস আলী মন্ডলের মাথায় এলোপাতাড়ি আঘাত করে।
এ সময় তাকে বাঁচাতে মা ও বোন এগিয়ে এলে তাদের ওপরও হামলা করা হয়। এতে তারা গুরুতর আহত হন।
পরে গ্রামবাসী তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাদের বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আক্কাস আলী মন্ডলকে মৃত ঘোষণা করেন। আহত স্ত্রী ও মেয়ে বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার খবর পেয়ে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ছেলে গোলাপ মন্ডলকে আটক করে থানায় নিয়ে যায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে অভিযুক্ত গোলাপ মন্ডলকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা আহত থাকায় পরে তাদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।