পিরোজপুরের স্বরূপকাঠির একটি ইটভাটা থেকে মস্তকবিহীন এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যার পর উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের পূর্ব সারেংকাঠি গ্রামের মেসার্স তাছলিমা ব্রিকস ফিল্ড সংলগ্ন সন্ধ্যা নদীর তীর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া যুবকের নাম গোপাল (৪০)। তিনি বরিশালের কাশিপুর এলাকার পরিমলের ছেলে। শনিবার (১৪ মার্চ) মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নেছারাবাদ থানায় মামলা প্রক্রিয়াধীন।
স্থানীয়রা বিকালে ইটভাটার পাশে সন্ধ্যা নদীর তীরে মস্তকবিহীন মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহটি মস্তকবিহীন এবং শরীরে বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে।
নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান জানিয়েছেন, নিহতের পরিচয় শনাক্ত এবং হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চলমান রয়েছে।
নিখোঁজ সংবাদের সূত্র ধরে নিহতের পরিবারকে খবর দিলে তারা মরদেহ দেখে পরিচয় নিশ্চিত করেছেন। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
ইটভাটার সিসি ফুটেজে দেখা গেছে, ঘটনার দিন দুপুর ৩টা ১০ মিনিটে একটি সাদা মোটরসাইকেলযোগে তিনজন ব্যক্তি ইটভাটার মধ্যে প্রবেশ করেন। পনের মিনিট পরে ৩টা ২৫ মিনিটে ওই তিনজন থেকে দুইজন খালি গায়ে মোটরসাইকেল নিয়ে ইটভাটা থেকে বের হন।
ধারনা করা হচ্ছে, বের হয়ে যাওয়া ওই দুই ব্যক্তি তাদের সাথে থাকা অন্য ব্যক্তিকে হত্যা করে ফেলে রেখে গেছে। সিসি ফুটেজের ছবি প্রকাশের পর বিভিন্নজন ফেসবুকে ওই দুই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছেন।
শনিবার (১৪ মার্চ) দুপুরে পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, নিহতের পরিবারের শনাক্তকরণের মাধ্যমে মরদেহের পরিচয় নিশ্চিত হয়েছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে সব তথ্য জানানো সম্ভব নয়।
রোববার (১৫ মার্চ) প্রশাসনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে।