শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

ইকোনমিক জোনে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত চায়না ইকোনমিক ইন্ডাস্ট্রিয়াল জোনে ডাকাতি ও মালামাল লুটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) চট্টগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩ এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

পুলিশ জানিয়েছে, গত ৬ ফেব্রুয়ারি আনোয়ারার মোহাম্মদপুরে অবস্থিত চায়না ইকোনমিক ইন্ডাস্ট্রিয়াল জোনে ডাকাতির ঘটনা ঘটে। ১৫-২০ জনের সশস্ত্র ডাকাত দল আগ্নেয়াস্ত্র, রামদা, চুরি ও লোহার রড নিয়ে জোনের পশ্চিম পাশের সীমানা প্রাচীরবিহীন অংশ দিয়ে ভিতরে প্রবেশ করে।

এসময় দায়িত্বরত সিকিউরিটি গার্ডদের দেশীয় অস্ত্র দিয়ে মৃত্যুর ভয় দেখিয়ে প্রত্যেককে পেছন থেকে বেঁধে ফেলে। পরে তারা সিসিটিভি ক্যামেরা ভেঙে জোন কম্পাউন্ডে রাখা যন্ত্রপাতি ও কন্টেইনারের ভেতরে থাকা মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় কর্তৃপক্ষের পক্ষে স্টোর ম্যানেজার ওয়েন জিইয়ং বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫-২০ জনের বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা দায়ের করেন।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসআই সুব্রত কুমার ঘোষ শুক্রবার হেলাল হোসেন (২৯) নামের স্থানীয় এক যুবককে গ্রেপ্তার করেন। তার দেওয়া স্বীকারোক্তিতে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মো. সালাহউদ্দীন (৩৩), মো. রবিউল হোসেন প্রকাশ সোহেল (৩০) ও মো. এসকান্দার প্রকাশ মদনকে (৪৫) গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তিতে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।

চট্টগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩ পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102