নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি পাইপগান, এক রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-১১।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টায় আড়াইহাজার থানার বালিয়াপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল হামিদের বাড়ির উত্তর পাশের কলাবাগান থেকে এসব উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর সিপিএসসির একটি আভিযানিক দল আড়াইহাজার থানার বালিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় এলাকার একটি কলাবাগানের ভেতরে সন্দেহজনক একটি লম্বা আকৃতির ব্যাগের সন্ধান পাওয়া যায়। তল্লাশি করে ব্যাগটির ভেতরে দুটি পাইপগান, একটি গুলি ও অস্ত্র তৈরির ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। পরে জব্দ তালিকা প্রস্তুত করে এসব আলামত উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া অস্ত্র ও সরঞ্জাম কারা সেখানে রেখে গেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নঈম উল হক জানান, উদ্ধার অস্ত্র ও সরঞ্জামাদি পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।