ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রকাশ্য দিনের বেলায় পিস্তল ও ধারালো অস্ত্র ঠেকিয়ে গৃহবধূকে জিম্মি করে পল্লিতে ডাকাতির চেষ্টা চালিয়েছে ডাকাত চক্র। এ সময় গৃহবধূর চিৎকারে স্থানীয়রা ছুটে এলে অবস্থা বেগতিক দেখে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় তারা।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে উপজেলার তালিনার স্কুলপাড়ার ওহিদুল ইসলামের বাড়িতে ঘটে এ ঘটনা।
গৃহবধূর স্বামী ওহিদুল ইসলাম বলেন, শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ সময় আমরা সবাই মসজিদে নামাজে গিয়েছিলাম। বাড়িতে ছিলেন আমার স্ত্রী পারভিনা খাতুন ও দুই ছেলের বউ। ঘটনার সময় পাশের বাড়ির ভাইয়ের বউ আমাদের বাড়িতে আসেন। ওই সময় দেখতে পান ডাকাতরা আমার স্ত্রীর গলায় ছুরি ও মাথায় পিস্তল ঠেকিয়ে রেখেছে। আর অন্যরা বাড়ির জিনিসপত্র লুট করার চেষ্টা করছে। এ অবস্থা দেখে তিনি চিৎকার দেন। তার চিৎকারে ডাকাতরা অবস্থা বেগতিক দেখে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। তবে ফেলে রেখে যায় তাদের ব্যবহারের কিছু জিনিসপত্র।
তিনি বলেন, ডাকাতরা কিছু নিতে পারেনি। তাদের ছুরির আঘাত আমার স্ত্রী আহত হয়েছেন। তবে তার থেকে ভয়ে আছেন বেশি।
তিনি আরও বলেন, ডাকাতরা একটি মোটরসাইকেলে তিনজন এসেছিল, যা পাশের বাড়ির সিসিটিভির ফুটেজ দেখে নিশ্চিত হওয়া গেছে।
এ ব্যাপারে তিনি থানায় কোনো অভিযোগ না করলেও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ সময় মডেল থানার ওসি আসাদউজ্জামান বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। তারা ওই বাড়ি থেকে কিছু নিতে পারেনি। আর তারা কোনো অভিযোগ করেনি।