রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

নির্ধারিত সময়ে দায়িত্ব পালন না করলে অবশ্যই জবাবদিহি করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬

নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৮টায় কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হাসপাতালে উপস্থিত হন তিনি। মূলত চিকিৎসকদের সময়মতো উপস্থিতি ও সেবার মান যাচাই করতেই এই ঝটিকা সফর মন্ত্রীর।

ঘড়ির কাঁটায় তখন সকাল ৮টা ৩০ মিনিট। সাধারণ রোগীরা যখন হাসপাতালের বারান্দায় ভিড় করতে শুরু করেছেন, ঠিক তখনই কোনো ধরনের প্রটোকল ছাড়াই পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে হাজির হন স্বাস্থ্যমন্ত্রী।

হাসপাতালে প্রবেশ করেই তিনি সরাসরি হাজিরা খাতা এবং ডিউটি রোস্টার পরীক্ষা করেন। চিকিৎসকরা ঠিক সময়ে কর্মস্থলে উপস্থিত হয়েছেন কি না, তা সরেজমিনে যাচাই করাই ছিল তার এই সফরের মূল উদ্দেশ্য।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা নির্ধারিত সময়ের মধ্যে হাসপাতালে উপস্থিত হবে না, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্যসেবায় জড়িত প্রত্যেককে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা হবে বলেও জানান তিনি।

এ ছাড়া রোস্টার অনুযায়ী বেশ কয়েকজন চিকিৎসক ও স্টাফকে কর্মস্থলে অনুপস্থিত দেখে ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল।

পরিদর্শনকালে মন্ত্রী জরুরি বিভাগ থেকে শুরু করে প্যাথলজি ল্যাব এবং বহিঃবিভাগ ঘুরে দেখেন। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ওষুধের স্টক ঠিক আছে কি না, সে বিষয়েও কর্মকর্তাদের কড়া নির্দেশনা দেন।

সরাসরি লাইনে দাঁড়িয়ে থাকা রোগীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।

এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতিকুল ইসলাম প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102