ভবিষ্যৎদ্রষ্টা হিসেবে বাবা ভাঙ্গার নাম কে না জানে! পৃথিবীর আলোচিত নানা বিষয় নিয়েই তার ভবিষ্যদ্বাণী রয়েছে বলে দাবি করা হয়। এবার মধ্যপ্রাচ্যে রাজনৈতিক উত্তেজনা বাড়তেই ফের আলোচনায় উঠে এসেছে তার নাম। সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে তার এক কথিত ভবিষ্যদ্বাণী। সেখানে বলা হয়েছে, ২০২৬ সালের শুরুতে নাকি শুরু হবে এক ‘মহাযুদ্ধ’, যা পূর্ব দিক থেকে শুরু হয়ে পশ্চিমে ছড়িয়ে পড়বে। যদিও এ দাবি নিয়ে তীব্র বিতর্ক রয়েছে, তবু অনিশ্চয়তার সময়ে এমন ভবিষ্যদ্বাণী ঘিরে আগ্রহ বাড়ছে।
বাবা ভাঙ্গা ১৯১১ সালে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় এক দুর্ঘটনায় তিনি দৃষ্টিশক্তি হারান। তার দাবি ছিল, অন্ধ হওয়ার পরই তিনি অলৌকিক দর্শনশক্তি লাভ করেন। তাকে ‘বালকান অঞ্চলের নস্ত্রাদামুস’ বলেও উল্লেখ করেন অনেকে।
তার অনুসারীরা দাবি করেন, তিনি বহু বড় আন্তর্জাতিক ঘটনার পূর্বাভাস দিয়েছিলেন, যেমন ৯/১১ হামলা বা উগ্রপন্থি গোষ্ঠীর উত্থান।
তবে গবেষকদের মতে, বাবা ভাঙ্গার নামে প্রচলিত এসব দাবির বেশিরভাগই পরবর্তীকালে তার সঙ্গে যুক্ত করা হয়েছে। তার নিজের লেখা বা নথিভুক্ত কোনো নির্ভরযোগ্য দলিল নেই, যেখানে এসব ভবিষ্যদ্বাণী স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
ফলে এসব আলোচনা অনেকেই গুজব, লোককথা বা প্রচলিত কাহিনি হিসেবে মনে করেন।
বাবা ভাঙ্গার এ ভবিষ্যদ্বাণীর কোনো প্রামাণ্য, যাচাইযোগ্য নথি নেই। তাই সাধারণ মানুষ বা বিশ্লেষকদের কাছে এর তেমন মূল্যায়ন নেই। ফলে ধারণা করা হচ্ছে, তার নামে প্রচারিত অধিকাংশ মন্তব্যই দ্বিতীয় বা তৃতীয় সূত্র থেকে পাওয়া তথ্য। তাই এগুলোর সত্যতা নিয়ে প্রশ্ন থেকেই যায়।