রাজশাহীর পুঠিয়া উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয় আরও সাতজন। সোমবার (২ মার্চ) ভোরে উপজেলার জিউপাড়া ইউনিয়নের চকপলাশী এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনায় আহতদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মো. শাহীন (৪৫) নামের একজনকে মৃত ঘোষণা করেন। তিনি রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার মাড়িয়া এলাকার বাসিন্দা।
রাজশাহীর পুঠিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার খালেদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ২টা থেকে ৩টার মধ্যে একটি মিনি ট্রাকযোগে আট সন্দেহভাজন এলাকায় প্রবেশ করলে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে।
এক পর্যায়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে তাদের আটক করা হয়। পরে বিক্ষুব্ধ জনতা তাদের গণপিটুনি দেয় এবং মিনি ট্রাকটিতে অগ্নিসংযোগ করে।
খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে।
সহকারী পুলিশ সুপার খালেদ হোসেন বলেন, রাতে তারা ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়দের গণপিটুনির শিকার হন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।