ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেছেন বিএনপির আরও চার প্রার্থী।
সোমবার (২ মার্চ) বিচারপতি জাকির হোসেনের নির্বাচনি ট্রাইব্যুনালে এর শুনানি হতে পারে।
মামলা করা প্রার্থীরা হলেন বিএনপির কুড়িগ্রাম-২ আসনে সোহেল হোসনাইন কায়কোবাদ, বিএনপির রংপুর-৬ আসনে মো. সাইফুল ইসলাম, বিএনপির রংপুর-৪ আসনে মোহাম্মদ এমদাদুল হক ভরসা এবং বিএনপির রাজশাহী-১ আসনে মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন।
এর আগে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে করা ‘নির্বাচনি’ আবেদন শুনানির জন্য হাইকোর্ট বিভাগে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়।
বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি গ্রহণ করছেন।
হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় এ বেঞ্চে অন্যান্য দেওয়ানি এখতিয়ারের পাশাপাশি দেখা যায়, ‘২০০১ ইং সনের গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ দ্বারা সংশোধিত ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ মোতাবেক ‘নির্বাচনি’ আবেদনপত্র; যেসব বিষয় এই বেঞ্চে স্থানান্তরিত হইবে এবং উপরোল্লিখিত বিষয়াদি সংক্রান্ত রুল, আবেদনপত্র গ্রহণ ও শুনানি করিবেন।’
এর আগে ৯টি আসনে ভোটে কারচুপির অভিযোগ এনে ৯ জন প্রার্থী পৃথকভাবে আবেদন করেছেন। এর মধ্যে চারটি আবেদন শুনানির জন্য গ্রহণ করা হয়েছে।