তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণমাধ্যম যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো বাধা ছাড়া স্বাধীনভাবে কাজ করতে পারে, তা সরকার নিশ্চিত করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা রয়েছে—গণমাধ্যম যেন অভাবে না থাকে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বিঘ্নে, কোনো বাধা ছাড়া পূর্ণ স্বাধীনতায় কাজ করতে পারে। আমরাও সেটা চাই। আপনারা স্বাধীনভাবে কাজ করতে পারলে সংবাদমাধ্যমের জন্যই শুধু নয়, দেশের জন্যও তা ভালো সুফল বয়ে আনবে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ আয়োজিত কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সাংবাদিক সন্তানদের বৃত্তি প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, আমরা একটি যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে পেরেছি এবং এখানে গণমাধ্যম যেভাবে সহযোগিতা করেছে, সেই অবদান ভোলার মতো নয়। যদি গণমাধ্যম সঠিক তথ্য জনগণের মাঝে তুলে না ধরত, তাহলে এই গণতন্ত্র আমরা নাও পেতে পারতাম। আমরা চাই গণমাধ্যম বিকশিত হোক। তবে তা করতে গেলে সাংবাদিক ভাই-বোনদের যে সমস্যাগুলো আছে, সেগুলোর সমাধান করা প্রয়োজন। সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যম বিকশিত হবে না।
তিনি আরও বলেন, সাংবাদিকদের কল্যাণে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পরিধি বাড়ানো হবে, যাতে প্রকৃত সাংবাদিকরা তাদের পেশাদারিত্ব বজায় রাখতে পারেন। সরকার গণমাধ্যমের ওপর কোনো কিছু চাপিয়ে দিতে চায় না। তারেক রহমানের সরকার গণমাধ্যমবান্ধব সরকার। আমরা জনগণের সরকার। জনগণের ভোটের মাধ্যমে আমরা এই সরকারের দায়িত্ব পেয়েছি। আপনাদের অবদান আমরা শ্রদ্ধাভরে স্মরণ রাখব।
ইয়াসের খান চৌধুরী বলেন, আপনারা যে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে যাচ্ছেন, তা গণতন্ত্র টিকিয়ে রাখার জন্য অব্যাহত রাখবেন। সরকার ভুল করলে তা ধরিয়ে দেবেন। তবে কেউ যেন অপপ্রচার বা মিথ্যা সংবাদ প্রচার না করে। সত্যকে সত্য, সাদাকে সাদা—আমরা সেটাই দেখতে চাই। আমরা ভবিষ্যতে সরকারে নাও থাকতে পারি, তবু সাদাকে সাদা, কালোকে কালো বলার এই ধারা যেন অব্যাহত থাকে, সেদিকে নজর রাখবেন।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ময়মনসিংহ জেলা সভাপতি ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ পরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রফিকুল ইসলাম, র্যাব-১৪ অধিনায়ক নয়মুল হাসান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, সদস্য মো. হামিদুল হক মানিক, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ সভাপতি এম আইয়ুব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীরসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানানো হয়। এ সময় সংগঠনের নেতাকর্মীসহ ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম প্রমুখ উপস্থিত ছিলেন।