রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

‘১৭ বছর আগে ছাত্রদলের অফিস ছিল’ দাবি করে সম্পত্তি দখলের চেষ্টা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

বাগেরহাটের সদর উপজেলার যাত্রাপুর বাজারে পৈতৃক সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত একটি মুদি দোকান দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় সাবেক ছাত্রদল নেতা শেখ মিজানুর রহমানের বিরুদ্ধে।

অভিযোগকারী দোকান মালিক শেখ মাসুদুর রহমান জানান, সদর উপজেলার ৬ নম্বর যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর বাজারের সুপারিহাট সংলগ্ন এলাকায় তাদের পৈতৃক সম্পত্তির ওপর একটি মুদি দোকান রয়েছে। প্রায় ২০ বছর ধরে দোকানটি শেখ এনামুল হকের কাছে ভাড়ায় দেওয়া আছে। মালিক পক্ষ নিয়মিতভাবে ভাড়া গ্রহণ ও সম্পত্তির ভোগদখলে রয়েছেন বলে তিনি দাবি করেন।

তিনি আরও জানান, সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে স্থানীয় সাবেক ছাত্রদল নেতা শেখ মিজানুর রহমান কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে দোকানের সামনে আসেন। এ সময় দোকানঘরটি ‘পার্টি অফিস’ হিসেবে ব্যবহারের কথা জানিয়ে ভাড়াটিয়াকে এক দিনের মধ্যে দোকান ছেড়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন।

ব্যবসায়ী শেখ এনামুল হক বলেন, তিনি আজ থেকে প্রায় ১৭ বছর আগে ঘরটি ভাড়া নিয়ে ব্যবসা শুরু করেন এবং দীর্ঘদিন ধরে সেখানেই ব্যবসা পরিচালনা করে আসছেন। ঘরটির মালিক লিটন ও বাবুর কাছ থেকে তিনি বৈধভাবে ভাড়া নিয়েছেন বলেও জানান তিনি।

তিনি অভিযোগ করে আরও বলেন, হঠাৎ করে কিছু লোক এসে দাবি করে যে, ওই ঘরে আগে ছাত্রদল ও যুবদলের অফিস ছিল। এ সময় তিনি তাদের জানান, তিনি ভাড়াটিয়া হিসেবে সেখানে ব্যবসা করছেন। তবে মিজান নামে এক ব্যক্তি তাকে বলেন, যেহেতু এখানে আগে ছাত্রদলের অফিস ছিল, তাই এক দিনের মধ্যে ঘরটি ছেড়ে দিতে হবে।

প্রতিবেশীরা জানান, এই ঘর আমি যতদূর জানি লিটন ও বাবুদের পৈতৃক সম্পত্তি। এই মুদি দোকানদার এখানে ব্যবসা করছে ১৬-১৭ বছর। এখানে আগে কি ছিল আমি জানি না।

সাবেক ছাত্রদল নেতা মিজান বলেন, প্রায় ২০ বছর আগে এই জায়গা ঘর তুলতে পারছিল না। আমাদের বলে আমরা এখানে ঘর তুলে দিই। তার বিনিময়ে আমাদের একটা ঘর দেওয়ার কথা কিন্তু আমাদের দেয় নাই। সেই ঘর আমরা এখন নিতে আসছি।

বাগেরহাট সদর মডেল থানার পরিদর্শক (অপারেশনস) শহিদুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102