নোয়াখালীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- মুছাপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সোহেল (৪৫), সিরাজপুর ইউনিয়নের পশ্চিম মোহাম্মদ নগর গ্রামের সিরাজুল হক মঞ্জু (৩৫), একই গ্রামের হুমায়ুন কবির (৪০), মোহাম্মদ নগর গ্রামের শেখ ফরিদ (৪০), চর হাজারী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের শরিয়ত উল্যাহ মিলন (৪৫) ও একই ওয়ার্ডের জাহাঙ্গীর আলম (৪৫)।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল হাকিম বলেন, একুশের শ্রদ্ধা জানাতে আওয়ামী লীগের ১০-১৫ জন নেতাকর্মী বসুরহাট বাজারের বিভিন্ন স্থানে জড়ো হন। পরে তারা বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাওয়ার প্রস্তুতি নিলে পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে।
গেপ্তার সবাই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত উল্লেখ করে তিনি বলেন, ২০২৪ সালের দুই সেপ্টেম্বর দায়ের করা একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।