সিলেট জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন অনিরুদ্ধ দাস ও রাজেশ ভাটিয়া। তারা দু’জনই ভারতীয় সহকারী হাই কমিশন, সিলেটের কর্মকর্তা।
সভায় অনিরুদ্ধ দাস বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দুই দেশের পারস্পরিক সহযোগিতা, বাণিজ্য, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় জোরদারে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রাজেশ ভাটিয়া গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধিতে সহায়ক হবে।
সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও ডেইলি নিউএজ’র স্টাফ করেসপন্ডেন্ট মনিরুজ্জামান মনির।
আরও বক্তব্য দেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আধুনিক কাগজের উপদেষ্ঠা সম্পাদক আল আজাদ, দৈনিক উত্তরপূর্ব’র নির্বাহী সম্পাদক ও সাবেক সভাপতি তাপস দাস পুরকায়স্থ, দৈনিক দেশবার্তা সিলেট ব্যুরো প্রধান লিয়াকত শাহ ফরিদী, ইউএনবি’র সিলেট প্রতিনিধি ও ক্লাবের সিনিয়র সদস্য মোহাম্মদ মহসীন, সমকাল’র সিলেট ব্যুরো প্রধান মুকিত রহমানী, বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক ও ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, চ্যানেল আই’র সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকী, ক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক রূপালী বাংলাদেশ সিলেটের স্টাফ রিপোর্টার আব্দুল আহাদ প্রমুখ।
এ ছাড়াও মতবিনিময় সভায় সিলেট জেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তারা সীমান্তবর্তী অঞ্চল, ভিসা প্রক্রিয়া সহজীকরণ, শিক্ষা ও চিকিৎসা খাতে সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সভা শেষে উভয় পক্ষ ভবিষ্যতেও এ ধরনের গঠনমূলক সংলাপ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।