ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ সপ্তমবারের মতো পেছানো হয়েছে। ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ নির্ধারণ করেছেন ১৯ ফেব্রুয়ারি।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) মামলার তদন্তকারী সংস্থা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) কর্মকর্তা আবদুর কাদির ভূঁঞা প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় আদালত এ আদেশ দেন। এর আগে গত ৯ ফেব্রুয়ারি ষষ্ঠবারের মতো প্রতিবেদন দাখিলের সময় পেছানো হয়েছিল।
উল্লেখ্য, ডিবি পুলিশ গত ৬ জানুয়ারি এই মামলায় ১৭ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করলেও তাতে ইনকিলাব মঞ্চ অসন্তোষ প্রকাশ করে। পরবর্তীতে মামলার বাদী আবদুল্লাহ আল জাবের নারাজি দাখিল করলে আদালত মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।
গত ১২ ডিসেম্বর বিজয়নগর এলাকায় গণসংযোগকালে রিকশায় থাকা অবস্থায় শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। ডিবি পুলিশের তদন্তে উঠে আসে, রাজনৈতিক প্রতিহিংসা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগীরা এই হত্যাকাণ্ড ঘটায়।