ময়মনসিংহ সদরে বিড়ি চাওয়ায় যুবককে ছুরিকাঘাত করেন সোহেল (৩০) নামে এক মাদকাসক্ত যুবক। পরে স্থানীয় জনতার পিটুনিতে মাদকাসক্ত যুবক নিহত হয়। এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নিহত সোহেলের মা শাহনাজ বেগম বাদী হয়ে ১১ জনের নামে ও অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় উপজেলার চুরখাই গরুহাটার বাজারসংলগ্ন একটি পান দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল মিয়া উপজেলার ভাবখালি ইউনিয়নের আব্দুল গফুরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সোহেল মাদকাসক্ত। ঘটনার সময় চুরখাই গরুহাটার বাজারসংলগ্ন ভুট্টোর পানের দোকানের সামনে দিয়ে যাচ্ছিল সোহেল। এ সময় এক যুবক সোহেলের কাছে বিড়ি চায়। বিড়ি চাওয়ায় দুজনের মাঝে কথাকাটাকাটি শুরু হয়। কথাকাটাকাটি একপর্যায়ে সোহেল ওই যুবককে ছুরিকাঘাত করে। বিষয়টি স্থানীয়রা দেখতে পেরে সোহেলকে গণপিটুনি দেয়। এলোপাথাড়ি মারধর ও লাঠির আঘাতে সোহেল শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সোহেলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. নাজমুস সাকিব বলের, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার ৪ জনকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।