জাতীয় সংসদ নির্বাচন শেষে রাজধানীসহ বিভিন্ন কর্মস্থলে ফিরতে শুরু করেছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। এতে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। তবে ঘাটে কোনো ধরনের ভোগান্তি বা দীর্ঘ যানজট নেই বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।
শনিবার সকাল থেকেই মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, ফরিদপুরসহ বিভিন্ন জেলা থেকে প্রাইভেট কার, মোটরসাইকেল ও যাত্রীবাহী পরিবহন দৌলতদিয়া ঘাটে এসে পৌঁছায়। ঘাটে এসেই যানবাহনগুলো কিছু সময় পরপরই ফেরিতে উঠছে, অপেক্ষা করতে হচ্ছে না দীর্ঘ সময়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, নির্বাচন শেষে মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করায় সকাল থেকে চাপ বেড়েছে। তবে ফেরির সংখ্যা পর্যাপ্ত থাকায় কোনো ভোগান্তি নেই। ছোট-বড় মিলিয়ে বর্তমানে এই নৌপথে ১৪টি ফেরি চলাচল করছে।
মাগুরা থেকে আসা মোটরসাইকেল চালক আতিউর রহমান বলেন, “ভোট দিতে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। ভোট শেষে এখন ঢাকায় ফিরছি। ঘাটের পরিস্থিতি খুবই ভালো এবং কোনো যানজট নেই, এসেই ফেরিতে উঠতে পেরেছি। কিন্তু একটু বাড়তি চাপ থাকায় টিকিট কাউন্টারে টিকেট নেওয়ার সময় কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে।
তবে বাড়তি ভাড়ার অভিযোগ ছিলো কয়েক যাত্রীর। এরমধ্যে ঝিনাইদহ থেকে আসা এক যাত্রী বলেন, “ঘাটে কোনো যানজট নেই, কিন্তু ভাড়া বেশি নেওয়া হচ্ছে। বাড়ি ফেরার সময়ও বাড়তি ভাড়া দিতে হয়েছে, এবারও বেশি দিতে হচ্ছে। যদিও ঘাট এলাকায় শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেশ তৎপরতা লক্ষ্য করা গেছে।