রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

ভোটের আগেই রেজাল্ট শিটে এজেন্টের সই

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সলিমুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটগ্রহণের আগেই ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টদের সই নেওয়ার অভিযোগ উঠেছে।

বিষয়টি জানতে পেরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ২৩টি সই করা ফাঁকা রেজাল্ট শিট জব্দ করে তাৎক্ষণিকভাবে ছিঁড়ে ফেলেন। একই ঘটনায় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জেসমিন আরাকে সতর্ক করা হয়েছে।বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

কাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ওই কেন্দ্রে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে। ভোটের আগের রাতেই এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীকের এক পোলিং এজেন্ট রাতে কেন্দ্রে আসেন। অভিযোগ রয়েছে, কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার তাকে দিয়ে আগে থেকেই একাধিক ফাঁকা রেজাল্ট শিটে সই করিয়ে নেন। পরে দাঁড়িপাল্লা প্রতীকের আরেক এজেন্ট এসে সাতটি রেজাল্ট শিটে সই করেন। সব মিলিয়ে ২৩টি ফাঁকা রেজাল্ট শিটে আগাম সই নেওয়া হয়েছিল বলে জানা গেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা বলেন, নির্বাচনি বিধি অনুযায়ী ভোটগ্রহণ ও গণনা শেষ হওয়ার পর পোলিং এজেন্টরা রেজাল্ট শিটে সই করবেন। কিন্তু ভোটের আগেই ফাঁকা কপিতে সই নেওয়া হয়েছে, যা বিধিবহির্ভূত। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে সই করা রেজাল্ট শিটগুলো জব্দ করেন এবং সেগুলো নষ্ট করে দেন। পাশাপাশি প্রিসাইডিং অফিসারকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি।

এ ঘটনা নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ভোটের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে বিধি অনুসরণ করা অত্যন্ত জরুরি এবং কোনো অনিয়ম বরদাশত করা হবে না।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102