রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

এজেন্ট ও ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ জামায়াতের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

নাটোর-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলীয় নেতারা অভিযোগ করেছেন, তাদের নির্বাচনি এজেন্ট ও সমর্থকদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। প্রশাসনকে বিষয়টি জানানো হলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও দাবি তাদের।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শহরের মাদ্রাসা মোড় এলাকায় জামায়াতের নির্বাচনি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন দলের প্রার্থী অধ্যাপক ইউনুস আলী।

তিনি বলেন, সদর উপজেলার বড় হরিশপুর, তেবাড়িয়া, কাফুরিয়া এবং নলডাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট ও কর্মীদের ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য স্থানীয় বিএনপি কর্মীরা হুমকি দিচ্ছেন। এ বিষয়ে প্রশাসনকে জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, কাফুরিয়া ইউনিয়নের দস্তানাবাদ এলাকায় কয়েকজন বিএনপি কর্মী দাঁড়িপাল্লার সমর্থকদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেন এবং জুবায়ের নামে এক কর্মীকে মারধর করা হয়। একইভাবে বড় হরিশপুর ও ছাতনী ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে জামায়াতের এজেন্টদের হুমকি দেওয়ার ঘটনাও তুলে ধরেন তিনি। সুগারমিল কেন্দ্রসহ আরও কয়েকটি স্থানে দলীয় কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগও করা হয়।

অধ্যাপক ইউনুস আলী বলেন, এ ধরনের পরিস্থিতি অব্যাহত থাকলে ভোটারদের মধ্যে ভীতি তৈরি হবে এবং সুষ্ঠু ভোটগ্রহণ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ সময় জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, নাটোর-২ আসনে পরিস্থিতি অন্যান্য আসনের তুলনায় বেশি উদ্বেগজনক।

অন্যদিকে এসব অভিযোগ অস্বীকার করে নাটোর-২ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রহিম নেওয়াজ বলেন, পরাজয়ের আশঙ্কায় জামায়াত ভিত্তিহীন অভিযোগ করছে। বিএনপি কর্মীরা নিজেদের প্রার্থীর প্রচার নিয়েই ব্যস্ত এবং কাউকে হুমকি দেওয়ার মতো পরিস্থিতি নেই।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102