ঝিনাইদহ-৪ আসনের (কালীগঞ্জ ও সদর উপজেলার আংশিক) সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শিট উদ্ধার করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর কেন্দ্র সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জেসমিন আরা। ঘটনার পর কেন্দ্রটি পরিদর্শন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রিজওয়ানা নাহিদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা বলেন, খবর পেয়ে কেন্দ্রে এসে ২৩টি রেজাল্ট শিট জব্দ করা হয়েছে। পরে সেগুলো ছিঁড়ে ফেলা হয়। নতুন রেজাল্ট শিট প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রিজাইডিং কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দাঁড়িপাল্লা প্রতীকের এক পোলিং এজেন্ট ২৩টি রেজাল্ট শিটে স্বাক্ষর করেছিলেন।