রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

নোয়াখালীতে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত দুই

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচর উপজেলায় পৃথক হামলার ঘটনায় বিএনপি মনোনীত প্রার্থীর সহযোগী এক যুবদল কর্মী ও এক নারী কর্মী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ও বিকেলে এ দুই হামলার ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহত ধানের শীষ প্রতীকের কর্মীরা ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এনসিপি নেতাকর্মী ও ১১ দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল হান্নান মাসউদের অনুসারীদের বিরুদ্ধে সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। বুধবার রাত ৭টার দিকে হাতিয়ার চানন্দী ইউনিয়নের শিউলি-একরাম বাজারে এ ঘটনা ঘটে।

আহত যুবদল কর্মী মো. জসিম উদ্দিন চানন্দী ইউনিয়নের শরীয়তপুর গ্রামের মো. ইসমাইলের ছেলে। তিনি বিএনপি মনোনীত প্রার্থী মাহবুবের রহমান শামীমের ধানের শীষ প্রতীকের সক্রিয় কর্মী।

প্রত্যক্ষদর্শীরা জানান, এনসিপির প্রার্থী হান্নান মাসউদের সমর্থক দিদার হোসেনের নেতৃত্বে একদল শাপলা কলি প্রতীকের কর্মী-সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে ধানের শীষ প্রতীকের সমর্থক মো. জসিম উদ্দিনের ওপর হামলা চালায়। এ সময় তারা জসিমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে টহলরত নৌবাহিনীর সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে।

হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ধানের শীষ প্রতীকের চিফ এজেন্ট আলা উদ্দীন রনি অভিযোগ করে বলেন, নির্বাচনে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে আব্দুল হান্নান মাসউদ নির্বাচনি পরিবেশ নষ্টের অপচেষ্টা করছেন। ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করে ভোটাধিকার প্রয়োগে বাধা দেওয়া হচ্ছে। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এদিকে, ১১ দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল হান্নান মাসউদ অভিযোগ নাকচ করে বলেন, বিএনপি প্রার্থীর কর্মী-সমর্থকেরা আমাদের কর্মী-সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে তাদের ভয়ভীতি দেখিয়ে ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা চালাচ্ছে।

অন্যদিকে, একই দিন বিকেলে সুবর্ণচর উপজেলায় দুর্বৃত্তদের হামলায় বিএনপির নারী কর্মী তানিয়া গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

উপজেলার আল-আমিন বাজার থেকে থানারহাট যাওয়ার পথে সিদ্দিক মার্কেটের সামনে তার ওপর হামলা চালানো হয়। পরে স্থানীয়রা খালের পাশ থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করেন। তানিয়া থানারহাট ইউনিয়নের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলার সময় তার মাথা ও হাতে গুরুতর আঘাত লাগে এবং শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত চিহ্ন দেখা যায়। তাকে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া বলেন, এই হামলার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। দেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও দোষীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102