নেত্রকোনার সদর উপজেলায় একটি ভোটকেন্দ্রের বুথ কক্ষে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার নূরপুর সিধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের একটি বুথ কক্ষে এ ঘটনা ঘটে।
আগুনে বুথকক্ষে থাকা দুটি বেঞ্চ, একটি ফ্যান ও একটি লাইট পুড়ে যায়। বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়দের ধারণা, সোমবার রাত ২টা থেকে আড়াইটার মধ্যে আগুন দেওয়া হতে পারে।
স্থানীয়রা আগুনের বিষয়টি টের পেয়ে দ্রুত নিয়ন্ত্রণে আনে এবং পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।
পরে মঙ্গলবার সকালে পুলিশ, ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম চলমান।
পুলিশ জানায়, বিদ্যালয়ের মোট ৭টি বুথের মধ্যে পুরাতন ভবনে ৪টি বুথ ছিল। এর মধ্যে একটি বুথের পেছনের জানালা দিয়ে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।