ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সনাতন ধর্মাবলম্বী এক চাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম সুশেন চন্দ্র সরকার। এ সময় তার গোডাউনে থাকা প্রায় ১৫ লাখ টাকা ডাকাতি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
পরিবার, স্থানীয় বাসিন্দা ও ত্রিশাল থানা সূত্রে জানা যায়, সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে ত্রিশাল উপজেলার বগার বাজার চৌরাস্তা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কুপিয়ে তাকে হত্যা করে। হত্যাকাণ্ডের পর গোডাউনে থাকা প্রায় ১৫ লাখ টাকা লুট করে নিয়ে যায় তারা।
নিহত সুশেন চন্দ্র সরকার উপজেলার হরিরামপুর ইউনিয়নের সাউদকান্দা গ্রামের মৃত রাসবিহারী সরকারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বগার বাজার চৌরাস্তা এলাকায় চাউলের ব্যবসা করে আসছিলেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সনাতন ধর্মাবলম্বী একজন ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার পাশাপাশি ডাকাতির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ত্রিশাল থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।