শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন

ইনকিলাব মঞ্চের বিক্ষোভে পুলিশের পদক্ষেপ নিয়ে আজহারীর ক্ষোভ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

ইনকিলাব মঞ্চের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি শিক্ষার্থীদের ওপর পুলিশের আচরণকে দুঃখজনক ও লজ্জাজনক বলে মন্তব্য করেন।

গত শুক্রবার শরিফ ওসমান হাদি হত্যার আন্তর্জাতিক তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ও টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ও রাকসুর জিএসসহ অন্তত ৩১ জন আহত হন।

এ ঘটনার পর শনিবার (৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে মাওলানা আজহারী লেখেন, ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, ব্যাপক উৎসাহ নিয়ে ছাত্রছাত্রীদের ওপর বেধড়ক লাঠিচার্জ করা হচ্ছে। তিনি প্রশ্ন তুলেছেন, পরিস্থিতি সামাল দিতে চাইলে পুলিশ তুলনামূলক সংযত কৌশলেও আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পারত।

তিনি আরও লেখেন, বিচার চাইতে আসা শিক্ষার্থীদের এভাবে নির্মমতার শিকার হওয়া অত্যন্ত দুঃখজনক। দায়িত্ব পালনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও সংযত, পেশাদার ও মানবিক আচরণ প্রত্যাশিত বলেও উল্লেখ করেন তিনি।

ইনকিলাব মঞ্চের সমাবেশে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের নিন্দা জানিয়ে মাওলানা মিজানুর রহমান আজহারী বলেন, এমন মারমুখী আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102