সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

জনগণের দাবির মুখে শেষবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন ৮৭ বছরের আকবর আলী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন খুবই সন্নিকটে। সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, ৮৭ বছর বয়সি প্রবীণ রাজনীতিক এম আকবর আলী আলোচনার শীর্ষে রয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে সততা ও পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং শিক্ষানগরীর রূপকার হিসেবে পরিচিত এই নেতা জনগণের দাবির মুখে শেষবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানা গেছে।

বয়সের ভার থাকলেও নির্বাচনি মাঠে তার উপস্থিতি ও অদম্য মনোবল ভোটারদের মাঝে নতুন করে আশার সঞ্চার করেছে। তবে এই কঠিন লড়াইয়ে তার সবচেয়ে বড় শক্তি হয়ে পাশে দাঁড়িয়েছেন তার স্ত্রী মোমেনা আলী। স্বামীর হয়ে নিজেই নেমেছেন মাঠে। দ্বারে দ্বারে ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলছেন, জানাচ্ছেন প্রার্থীর বার্তা ও অঙ্গীকার।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মোমেনা আলীর এই নিরলস প্রচার এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই বলছেন, রাজনীতিতে এমন পারিবারিক ত্যাগ ও আন্তরিকতা খুব কমই দেখা যায়। এক ভোটার বলেন, এম আকবর আলীর বয়স হয়েছে ঠিকই, কিন্তু উনি সৎ মানুষ। তিনি উল্লাপাড়ায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছেন। আর তার স্ত্রী যেভাবে পরিশ্রম করছেন, তাতে আমাদের বিশ্বাস এবারও তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন।

মোমেনা আলী বলেন, উনি সারাজীবন মানুষের জন্য কাজ করেছেন। এই শেষ সময়ে জনগণ যদি আবার তাকে দায়িত্ব দেয়, সেটাই হবে তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমি শুধু মানুষের কাছে সেই কথাটাই পৌঁছে দিতে চাই।

এই আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করবেন দাঁড়িপাল্লা প্রতীকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মাওলানা রফিকুল ইসলাম খান, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি মনোনীত মো. হিলটন প্রামানিক, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত আব্দুর রহমান এবং কাস্তে প্রতীকের বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী মো. আব্দুল হাকিম মাঠে সক্রিয় রয়েছেন।

নিজ নিজ অবস্থান থেকে সব প্রার্থীই জয়ের ব্যাপারে আশাবাদী হলেও স্থানীয়দের মতে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে জামায়াত ও বিএনপি প্রার্থীর মধ্যে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102