মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

১০ ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু, এলাকায় শোকের মাতম

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে মা ও ছেলের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে গভীর শোক।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সিপাইকান্দি গ্রামের বাসিন্দা গুলবাহার বেগম (৮৫) বুধবার গভীর রাতে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তার মৃত্যুর প্রায় ১০ ঘণ্টা পর বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মারা যান তার একমাত্র ছেলে নলু মিজি (৬৫)। স্বল্প সময়ের এই ব্যবধানে একই পরিবারের দুজনের মৃত্যুতে এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়েছে।

গুলবাহার বেগম ছিলেন মৃত দুধ মিয়ার স্ত্রী। তার চার মেয়ে ও এক ছেলে রয়েছে। পরিবার জানায়, তিনি দীর্ঘদিন ধরে বয়সজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। প্রায় দুই সপ্তাহ আগে হাঁটতে গিয়ে বাড়ির উঠানে পড়ে গিয়ে তার একটি পা ভেঙে যায়। এরপর থেকেই শারীরিক অবস্থার অবনতি ঘটে। শেষ পর্যন্ত বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অন্যদিকে, তার একমাত্র ছেলে নলু মিজি দীর্ঘদিন ধরে ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন। মায়ের মৃত্যুর খবরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে জানান স্বজনেরা। এরই মধ্যে বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে তাঁরও মৃত্যু হয়। নলু মিজির রেখে যাওয়া পরিবারে রয়েছে তিন মেয়ে ও দুই ছেলে।

নলু মিজির ভাগনে গোলাম নবী ও জিসান আহমেদ বলেন, অল্প সময়ের ব্যবধানে নানি ও মামার মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। বৃহস্পতিবার দুপুরে পারিবারিক কবরস্থানে গুলবাহার বেগমের দাফন সম্পন্ন হয়। পরে সন্ধ্যার দিকে তার কবরের পাশেই নলু মিজির দাফন সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান জানান, মা ও ছেলের মৃত্যুর বিষয়টি তিনি অবগত হয়েছেন। দুজনের মৃত্যু স্বাভাবিক হওয়ায় থানায় এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102